মূল লেখায় যান
হিকমাহHikmah
হাদীসের গল্প

মৃত্যুর ভয়

৩ মিনিটে পড়ুন১৩ জুন ২০২০
মৃত্যুর ভয়
প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, ‘আমি তোমার পূর্বেও কোন মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি। অতএব তোমার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হয়ে থাকবে? জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর আমরা তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমাদের কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে’ (আম্বিয়া ২১/৩৪-৩৫)।

তিনি আরো বলেন, ‘যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছ তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তারপর তোমাদেরকে অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে’ (জুমু‘আ ৬২/৮)।

সুতরাং, সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও মৃত্যু কাউকে ছাড় দিবে না’ (নিসা ৪/৭৮)।

রাসূল (সাঃ) বলেন, 'মৃত্যু সত্য, জান্নাত ও জাহান্নাম সত্য’ (মুত্তাফাক আলাইহ্, মিশকাত হাদিস/১২১১)।

নবী-রাসূল ও রাজা-বাদশাহ সকলকে মৃত্যুবরণ করতে হয়েছে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুশয্যায় শায়িত হযরত আবুবকর (রাঃ)-কে দেখতে আসা সাহাবীগণ বললেন, আমরা কি আপনার জন্য ডাক্তার আনব না? জওয়াবে তিনি বললেন, তিনি আমাকে দেখেছেন। সাহাবীগণ বললেন, তিনি আপনাকে কি বলেছেন? জবাবে আবুবকর সিদ্দীক (রাঃ) বললেন, তিনি (আল্লাহ) বলেছেন যে, আমি যা চাই তাই করি’ (কুরতুবী, ইবনু কাছীর)। এই মৃত্যু সম্পর্কেই নিম্নের হাদীছঃ

ইবনু শামাসা আল-মাহরী (রহঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা আমর ইবনুল আছ (রাঃ)-এর মুমূর্ষু অবস্থায় তাকে দেখতে গেলাম। তখন তিনি অনেকক্ষণ যাবত কাঁদলেন এবং মুখমন্ডল দেয়ালের দিকে ফিরিয়ে নিলেন। তাঁর পুত্র তাঁকে রাসূল (সাঃ) প্রদত্ত বিভিন্ন সুসংবাদের উল্লেখ পূর্বক সান্ত্বনা দিয়ে বললেন, আব্বা! রাসূল (সাঃ) কি আপনাকে অমুক সুসংবাদ দেননি? রাসূল (সাঃ) কি আপনাকে অমুক সুসংবাদ দেননি? রাবী বলেন, তখন তিনি পুত্রের দিকে মুখ ফিরিয়ে বললেন, আমার সর্বোৎকৃষ্ট পাথেয় হচ্ছে ‘লা ইলাহা ইল্লালাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ এ কালিমার সাক্ষ্য দেয়া। আর আমি অতিক্রম করেছি আমার জীবনের তিনটি পর্যায়। এক সময় তো আমি এমন ছিলাম যে, রাসূল (সাঃ)-এর বিরুদ্ধাচরণে আমার চেয়ে কঠোরতর আর কেউই ছিল না। আমি যদি রাসূল (সাঃ)-কে কবযায় পেতাম তাকে হত্যা করতাম, এ ছিল আমার সবচেয়ে প্রিয় ভাবনা। যদি সে অবস্থায় আমার মৃত্যু হ’ত, তবে নিশ্চিত আমাকে জাহান্নামে যেতে হ’ত। এরপর আল্লাহ যখন আমার অন্তরে ইসলামের অনুরাগ সৃষ্টি করে দিলেন, তখন আমি রাসূল (সাঃ)-এর নিকটে উপস্থিত হয়ে অনুরোধ জানালাম যে, হে আল্লাহর রাসূল, আমার দিকে আপনার হাত প্রসারিত করে দিন, আমি আপনার কাছে ইসলাম গ্রহনের বায়‘আত করব। রাসূল (সাঃ) তাঁর ডান হাত বাড়িয়ে দিলেন, কিন্তু আমি আমার হাত টেনে নিলাম। রাসূল (সাঃ)-বললেন, তোমার কি হল হে আমর! আমি বললাম, আমার কিছু শর্ত আছে। রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেন, কি শর্ত? আমি উত্তরে বললাম, আমি চাই আমার (পূর্বের কৃত) সব গোনাহ যেন মাফ করে দেয়া হয়। রাসূল (সাঃ) বললেন, আমর! তুমি কি জানো না, 'ইসলাম গ্রহণ' পূর্বেকার সকল গুনাহ বিনাশ করে দেয়। হিজরত সে সকল গুনাহ মাফ করে দেয় যা হিজরতের পূর্বে করা হয়েছে এমনিভাবে হাজ্জ্বও তার পূর্বের সকল গোনাহ নষ্ট দেয়। আমর (রাঃ) বলেন, এ পর্যায়ে আমার অন্তরে রাসূল (সাঃ) অপেক্ষা অধিক প্রিয় আর কেউ ছিল না। আমার চোখে তিনি অপেক্ষা মহান আর কেউ ছিল না। অপরিসীম শ্রদ্ধার কারণে আমি তার প্রতি চোখ ভরে তাকাতেও পারতাম না। আজ যদি আমাকে তাঁর দেহ আকৃতির বর্ণনা করতে বলা হয়, তবে আমার পক্ষে তা সম্ভব হয়ে উঠবে না। কারণ চোখভরে আমি কখনোই তাঁর প্রতি তাকাতে পারিনি। ঐ অবস্থায় যদি আমার মৃত্যু হত তবে অবশ্যই আমি জান্নাতী হওয়ার আশাবাদী থাকতাম। পরবর্তীকালে আমরা নানা বিষয়ের সাথে জড়িয়ে পড়েছি, তাই জানি না, এতে আমার অবস্থান কোথায়? সুতরাং আমি যখন মারা যাব, তখন যেন কোন বিলাপকারীরা অথবা আগুন যেন আমার জানাযার সাথে না থাকে। আমাকে যখন দাফন করবে তখন আমার উপর আস্তে আস্তে মাটি ফেলবে এবং দাফন সেরে একটি উট যবাই করে তার গোশত বণ্টন করতে যে সময় লাগে, ততক্ষণ আমার কবরের পাশে অবস্থান করবে। যেন তোমাদের উপস্থিতির কারণে আমি আতঙ্কমুক্ত অবস্থায় চিন্তা করতে পারি যে, আমার প্রতিপালকের দূতের কি জবাব দেব’।

(মুসলিম হাদিস/১২১; ছহীহ আত-তারগীব হাদিস/১০৯৭; মিশকাত হাদিস/২৮)।

প্রত্যেক মানুষের মাঝে মৃত্যুর ভয় থাকা যরূরী। কারণ মৃত্যুর ভয় মানুষকে সকল অন্যায় থেকে বাঁচাতে পারে। এজন্য আমাদেরকে বেশী বেশী মৃত্যুকে ভয় করতে হবে। আল্লাহ আমাদের মৃত্যুর ভয়ে সকল পাপ থেকে রক্ষা করুন-আমীন!

✦আরও পড়ুন

সব দেখুন
সর্বশেষে জান্নাতে প্রবেশকারী বান্দার সাথে আল্লাহর কথোপকথন
হাদীসের গল্প

সর্বশেষে জান্নাতে প্রবেশকারী বান্দার সাথে আল্লাহর কথোপকথন

মুমিন তার পাপের কারণে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। কিন্তু তার ঈমানের কারণে এক সময় সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ তা‘আলা ও বান্দার…

সততা ও আমানতের এক উৎকৃষ্ট দৃষ্টান্ত {স্বর্ণ ভর্তি একটি কলসির (Jar) কোন দাবীদার খুঁজে পাওয়া গেলো না}
হাদীসের গল্প

সততা ও আমানতের এক উৎকৃষ্ট দৃষ্টান্ত {স্বর্ণ ভর্তি একটি কলসির (Jar) কোন দাবীদার খুঁজে পাওয়া গেলো না}

সততা ও আমানতের এক উৎকৃষ্ট দৃষ্টান্ত {স্বর্ণ ভর্তি একটি কলসির (Jar) কোন দাবীদার খুঁজে পাওয়া গেলো না} লোভ মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস। এটি…

তাহলে সে নামায শেষ করার পর সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়
হাদীসের গল্প

তাহলে সে নামায শেষ করার পর সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়

হযরত আমর ইবনে আবাসা (রাঃ) বলেন, জাহেলী যুগে আমি যখন মানুষকে মূর্তিপূজা করতে দেখতাম আমার কাছে মনে হত, নিশ্চয়ই এরা পথভ্রষ্ট। এদের এ সকল কাজ সম্পূর্ণ…