মূল লেখায় যান
হিকমাহHikmah

আরজ আলী সমীপে - আরিফ আজাদ · অধ্যায় ১২/১৩

(১২) শেষ কথা

শেষ কথাঃ

ইসলাম কখনোই আচারসর্বস্ব কোনো ধর্মের নাম নয় যে এটাকে কিছু তন্ত্র-মন্ত্র, কিছু দোয়া-দরূদ আর কিছু উৎসব-আনন্দের গন্ডির মধ্যে ফেলে বিচার করতে হবে।

ইসলাম একটি দ্বীনের নাম। দ্বীন অর্থ যতখানি না ধর্ম, তারচেয়েও বেশি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামে এমন একটি নীতিও নেই, এমন একটি কথাও নেই যা একজন মানুষের কাছে অসম্ভব, অযৌক্তিক ঠেকতে পারে।

অজ্ঞেয়বাদী এবং নাস্তিকেরা যে ভুলটি করে তা হলো, তারা ভাবে পৃথিবীতে একত্ববাদের ডাক মনে হয় সর্বপ্রথম মুহাম্মদ (সাঃ) দিয়েছিলেন। এর আগে পৃথিবীতে মনে হয় একত্ববাদী কেউ ছিল না। পুরো পৃথিবী মনে হয় খ্রিষ্টান, ইহুদী, হিন্দু ইত্যাদিতে ভরা ছিল। এমনটি যারা ভাবে, তারা খুব ভুল ভাবে এবং ভুল জানে। সৃষ্টিলগ্ন থেকেই পৃথিবীর মধ্যে একত্ববাদের অস্তিত্ব ছিল এবং সেটা চিরকালই থাকবে। আরজ আলী মাতুব্বর সাহেব উনার জানার গণ্ডির মধ্য থেকে যে সকল প্রশ্ন, যে সকল যুক্তি আস্তিক তথা মুসলমানদের দিকে ছুড়ে দিয়েছেন, তা শিক্ষিত, যিনি ধর্ম সম্পর্কে পুরোপুরি জানেন, বোঝেন, তার কাছে নিতান্তই শিশুসুলভ মনে হবে।

আবার যার ধর্মীয় জ্ঞান নেই এবং নেই বিজ্ঞান নিয়ে পর্যাপ্ত পড়াশুনা, তার কাছে আরজ আলী মাতুব্বর সাহেবের প্রশ্নগুলোকে অত্যন্ত যৌক্তিক মনে হতে পারে।

আরজ আলী সাহেবের বই পড়ে বিভ্রান্ত হবার আশঙ্কা এদের ক্ষেত্রেই বেশি।

বাস্তব জীবনে অনেককেই আরজ আলী সাহেব কর্তৃক প্রভাবিত হয়ে নিজের বিশ্বাস নিয়ে সন্দিহান, দোদুল্যমান অবস্থায় থাকতে দেখেছি। আরজ আলী সাহেবের যুক্তিগুলোকে রেফারেন্স হিসেবে ধরে অনেককে দেখেছি তর্ক-বিতর্ক করতে। অনেকেই উনার প্রশ্নের উত্তর, যুক্তির বিপরীতে যুক্তি চাইত। মূলত এই শ্রেণিকে টার্গেট করেই রচিত এই বই।